বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৩:২৫ পিএম

দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরই মাঠে নিজের উপস্থিতি জানান দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার গোলেই ব্রাগান্তিনোর বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে সান্তোস।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের জয়ে টানা জয়হীনতার হতাশা কাটিয়েছে দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সান্তোস। বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে প্রতিপক্ষের তুলনায় এগিয়ে ছিল তারা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গ্যাব্রিয়েল বোন্টেম্পোর বাড়ানো বল থেকে নিখুঁত শটে গোল করেন নেইমার। তার সেই গোলেই এগিয়ে যায় সান্তোস।

দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে অ্যাডোনিস ফ্রাইয়াস আরেকটি গোল করলে জয়ের পথ আরও সহজ হয়ে যায় স্বাগতিকদের জন্য। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাগান্তিনো।

পরিসংখ্যানে দেখা যায়, ম্যাচে ৫৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল সান্তোস। তারা মোট ১০টি শট নেয়, যার তিনটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ব্রাগান্তিনো ৮টি শট নিলেও কোনো গোল করতে পারেনি।

এই জয়ের ফলে ১৫ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫ নম্বরে উঠেছে সান্তোস। একই সংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রাগান্তিনো। আর ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পালমেইরাস।

এএন