ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার বা ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। সেখানে ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে এই স্বীকৃতি পান নাহিদ রানা।
পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়ায় নাহিদ রানা বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসি মাসসেরা হওয়া তার জন্য বিশেষ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স সিরিজটিকে আরও স্মরণীয় করেছে বলেও তিনি জানান। সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও দলের সাফল্যে অবদান রাখার আশা ব্যক্ত করেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাহিদ রানা ৮ উইকেট নেন। তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। তার কার্যকর বোলিংয়ে বাংলাদেশ সিরিজটি ২-১ ব্যবধানে জেতে এবং তিনি সিরিজসেরাও নির্বাচিত হন।
এম জি