বিশ্বকাপের আগে কোচ আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের নতুন চুক্তি

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০২:১৪ পিএম

বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ৬৬ বছর বয়সী এই কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল। নতুন চুক্তির সম্ভাবনার ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়।

আগামী সোমবার বিশ্বকাপের জন্য ব্রাজিলের নতুন স্কোয়াড ঘোষণার আগেই এই ঘোষণা এলো। ভিডিও বার্তায় আনচেলত্তি বলেন, এক বছর আগে ব্রাজিলে এসে তিনি বুঝতে পেরেছেন দেশের মানুষের কাছে ফুটবল কতটা আবেগের বিষয়। তার ভাষায়, গত এক বছরে দলকে আবারও শীর্ষে ফেরাতে কাজ চলছে এবং ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্য নিয়েই এগোনো হচ্ছে।

তিনি আরও জানান, সিবিএফ ও তিনি একসঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে চান। সেই লক্ষ্যেই আগামী চার বছর, অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ব্রাজিল জাতীয় দলের পারফরম্যান্স এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। চোট সমস্যা, ছন্দহীনতা এবং শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন রয়েছে। তার অধীনে এখন পর্যন্ত ১০ ম্যাচে ব্রাজিল ৫টি জয়, ৩টি হার এবং ২টি ড্র করেছে।

এর আগে দুর্বল পারফরম্যান্সের কারণে দরিভাল জুনিয়রকে দায়িত্ব থেকে সরিয়ে আনচেলত্তিকে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে।

এম জি