বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং হিসেবে মুক্তি পেয়েছে প্রখ্যাত কণ্ঠশিল্পী শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের গাওয়া ‘দাই দাই’ গানটি। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মাত্র এক সপ্তাহ আগে প্রথম মঞ্চায়নের পর এবার গানটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
শুক্রবার গানটির মুক্তির ঘোষণা দিয়ে ফিফা জানায়, ‘দাই দাই’ থেকে অর্জিত রয়্যালটি জমা হবে তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। সংস্থাটির লক্ষ্য, টুর্নামেন্ট শেষে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহ করা। এই অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে।
প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। আর ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই মহাযজ্ঞের।
ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করবেন শাকিরা, ম্যাডোনা ও কোরিয়ান পপ গ্রুপ বিটিএস। আয়োজকদের আশা, এই পরিবেশনা দর্শক-ভক্তদের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
বিশ্ব ফুটবলের মঞ্চে শাকিরা নতুন মুখ নন। ২০১০ সালের বিশ্বকাপের জনপ্রিয় থিম সং ওয়াকা ওয়াকার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিলেন। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছিল ফুটবলপ্রেমীদের।
এবার ‘দাই দাই’এর সুরে আবারও বিশ্বকাপের আকাশে ভেসে উঠছে নতুন আবেগ ও নতুন উন্মাদনা-যেখানে ফুটবল ও সংগীত মিলেমিশে তৈরি করছে এক বৈশ্বিক উৎসবের সুরধারা।
এম জি