ফরেস্টকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ১১:৪১ পিএম

মৌসুমজুড়ে ওঠানামার পর শেষ দিকে এসে লিগে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ওল্ড ট্রাফোর্ডে নটিংহ্যাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়েছে দলটি।

বাংলাদেশ সময় রোববার বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইউনাইটেড। ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রুনো ফার্নান্দেসের বাড়ানো বল থেকে দারুণ শটে জাল খুঁজে নেন লুক শ।

এদিন ইউনাইটেডের জার্সিতে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসিমিরো। বিদায়ী ম্যাচটি জয় দিয়ে রাঙিয়েছে তার দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে মোরাতার গোলে সমতায় ফেরে নটিংহ্যাম ফরেস্ট। তবে দুই মিনিটের মধ্যেই আবার এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ব্রায়ান এমবাউমো ব্যবধান বাড়ান। পরে গিবস হোয়াইট একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি সফরকারীরা।

এই জয়ে ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। শেষ ম্যাচে জয় পেলেও ইউনাইটেডকে টপকাতে পারবে না তারা।

এম জি