বিশ্ব ফুটবলে এখন চোখ ব্রাজিলের দিকে। বাংলাদেশ সময় অনুযায়ী মধ্যরাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে পারে বলে জানা গেছে। সেই তালিকায় অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার থাকবেন কি না, তা নিয়ে রয়েছে ব্যাপক অনিশ্চয়তা।
দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে থাকায় নেইমারের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে সাম্প্রতিক সময়ে তিনি আবারও ফিটনেস ফিরে পাওয়ার কথা জানিয়ে নিজেকে প্রস্তুত বলে দাবি করেছেন। ২০২৩ সালের পর জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি, মূলত হাঁটুর গুরুতর চোট ও অস্ত্রোপচারের কারণে দীর্ঘ পুনর্বাসনে ছিলেন তিনি।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগে থেকেই ইঙ্গিত দিয়েছেন, সম্পূর্ণ ফিট ও ম্যাচ ফিটনেস প্রমাণ করতে পারলেই কেবল দলে জায়গা মিলবে। সেইসঙ্গে কোচ আনচেলত্তি নেইমারকে স্কোয়াডে রাখার ব্যাপারে নেতিবাচক মনভাবও প্রকাশ করেছিলেন। তবে এক ম্যাচ শেষে নেইমার সাংবাদিকদের জানান, চূড়ান্ত সিদ্ধান্ত কোচের ওপরই নির্ভর করছে। তিনি বলেন, সুযোগ না পেলেও একজন সমর্থক হিসেবে দলকে সমর্থন করবেন।
তবে কিছুদিন আগে দলীয় পরিবেশ ও পরিকল্পনায় নেইমারের ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন কোচ আনচেলত্তি। তার মতে, অভিজ্ঞ এই ফরোয়ার্ড দলের ভেতরে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম এবং ড্রেসিংরুমের ভারসাম্য নষ্ট হওয়ার কোনো শঙ্কা নেই।
এদিকে তরুণ এক ফরোয়ার্ডের ইনজুরির কারণে আক্রমণ বিভাগে শূন্যতা তৈরি হয়েছে বলেও আলোচনা চলছে, যা পূরণে নেইমারের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে বিবেচনায় আনা হতে পারে। সবমিলিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগ মুহূর্তে নেইমারকে ঘিরে ব্রাজিলের দলে উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে।
এএন