দীর্ঘদিনের চোট ও পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে মাঠে ফেরার পথে নিজের সংগ্রাম ও মানসিক চাপের অভিজ্ঞতা তুলে ধরেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। তিনি বলেছেন, গুরুতর চোট কাটিয়ে মাঠে ফেরার পথে আমাকে অসংখ্য ‘অর্থহীন’ সমালোচনা সহ্য করতে হয়েছে। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে পেরে আমি সন্তুষ্ট এবং বিশ্বাস করি, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য নিজের সর্বোচ্চটা আমি দিয়েছি।
তিনি জানান, শারীরিকভাবে এখন তিনি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছেন এবং প্রতিনিয়ত নিজের পারফরম্যান্সে উন্নতি করছেন। তাঁর মতে, কোচ অবশ্যই সেরা ২৬ জনকে বেছে নেবেন।
নেইমার বলেন, কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে তিনি ধাপে ধাপে সুস্থতার দিকে এগিয়েছেন। এ সময়ে তাকে নানা ধরনের মন্তব্য ও সমালোচনার মুখোমুখিও হতে হয়েছে বলে জানান তিনি, যা মানসিকভাবে চ্যালেঞ্জ তৈরি করেছিল।
তিনি আরও উল্লেখ করেন, পুনর্বাসন প্রক্রিয়ার সময় তিনি মূলত ব্যক্তিগত অনুশীলন ও ফিটনেস ফিরে পাওয়ার ওপরই বেশি গুরুত্ব দিয়েছেন।
জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, স্কোয়াড নির্বাচন সম্পূর্ণভাবে কোচের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল এবং সেখানে ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্সই মূল বিবেচ্য বিষয়।
ম্যাচ চলাকালীন একটি পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে তার প্রতিক্রিয়া নিয়েও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি মাঠের ভেতরের স্বাভাবিক প্রতিক্রিয়া বলেই মনে করা হচ্ছে।
আগামী বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের স্কোয়াড চূড়ান্ত করার প্রস্তুতি চলছে, যেখানে কোচের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।
এএন