মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মে ২১, ২০২৬, ০২:১১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে ইতোমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ফলে কাউন্সিলরদের মধ্যে নির্বাচনী ব্যস্ততা বাড়ছে।

এই পরিস্থিতিতে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। বৃহস্পতিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত বিসিবি কার্যালয়ের সব প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

এ সময়ে গণমাধ্যমকর্মীদের স্টেডিয়াম এলাকায় প্রবেশের সময় আনসার সদস্য ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া সাংবাদিকদের নিজেদের প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাচাই-বাছাই প্রক্রিয়া সহজ হয়।

নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণে সবার সহযোগিতা কামনা করেছে বিসিবি।

এম জি