জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: মে ২২, ২০২৬, ১২:১৬ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার ও গায়ানার জাতীয় দলের সাবেক কোচ থমাস ডুলি। দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও অপেক্ষার পর অবশেষে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগেই নতুন কোচ নিয়োগ প্রায় চূড়ান্ত ছিল বলে জানা গেলেও, আনুষ্ঠানিক ঘোষণা আসছিল তার ঢাকায় আগমনের পর।

আজ সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান থমাস ডুলি। বিমানবন্দরে নামার পরই তাকে জাতীয় দলের দায়িত্ব বুঝিয়ে দেয় বাফুফে।

ফুটবল ফেডারেশন সূত্র জানায়, আগামী রোববার থেকে তার অধীনে জাতীয় দলের প্রথম অনুশীলন শুরু হবে। নতুন কোচের পরিকল্পনা অনুযায়ী দলকে ধাপে ধাপে প্রস্তুত করা হবে আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য।

বাংলাদেশ ডাগআউটে তার প্রথম পরীক্ষা হতে যাচ্ছে আগামী মাসে সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। ৫ জুন সান মারিনোর মাঠে অনুষ্ঠিতব্য ওই ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল, যেখানে খেলতে পারেন হামজা চৌধুরীসহ অন্যান্য জাতীয় দলের ফুটবলাররা।

এই ম্যাচ দিয়েই নতুন কোচের অধীনে বাংলাদেশের নতুন যাত্রার সূচনা হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এম জি