দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানছেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচই হবে সিটির ডাগআউটে তার শেষ উপস্থিতি।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে গার্দিওলার বিদায়ের খবর নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এর মাধ্যমে ইংলিশ ফুটবলের অন্যতম সফল একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে।
বিদায়ের সিদ্ধান্ত নিয়ে গার্দিওলা বলেন, তিনি কোনো নির্দিষ্ট কারণ দেখাতে চান না। তার ভাষায়, সময়টাই এখন বিদায়ের উপযুক্ত। তিনি জানান, ক্লাব, সমর্থক এবং স্মৃতিগুলো সবসময় তার হৃদয়ে রয়ে যাবে।
২০১৬ সালে সিটির দায়িত্ব নেওয়ার পর দলটিকে ইউরোপের অন্যতম পরাশক্তিতে পরিণত করেন এই সফল কোচ। তার অধীনে ক্লাবটি জিতেছে ১৭টি বড় শিরোপা, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ ট্রফি।
২০১৭-১৮ মৌসুমে ১০০ পয়েন্ট অর্জন করে প্রিমিয়ার লিগ জয়ের নতুন ইতিহাস গড়ে ম্যানচেস্টার সিটি। একই মৌসুমে দলটি ১০৬ গোল করে আক্রমণাত্মক ফুটবলেরও অনন্য নজির স্থাপন করে।
সবচেয়ে স্মরণীয় সাফল্য আসে ২০২২-২৩ মৌসুমে। সে সময় প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয় করে সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডর পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এক মৌসুমে তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়ে তারা। এরপর টানা চারবার লিগ শিরোপা জিতে নতুন রেকর্ডও গড়ে গার্দিওলার দল।
তবে চলতি মৌসুমে শিরোপা হাতছাড়া হওয়ার পরই বিদায়ের সিদ্ধান্ত সামনে আসে। মঙ্গলবার বোর্নমাউথর বিপক্ষে ড্র করার পর ২২ বছর পর লিগ শিরোপা নিশ্চিত করে আর্সেনাল।
ক্লাব জানিয়েছে, প্রধান কোচের পদ ছাড়লেও ভবিষ্যতে সিটি ফুটবল গ্রুপের বৈশ্বিক দূত হিসেবে যুক্ত থাকবেন গার্দিওলা। তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক চেলসি কোচ এনজো মারেস্কা, যিনি আগে গার্দিওলার সহকারী হিসেবেও কাজ করেছেন।
ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আগে বায়ার্ন মিউনিখর হয়ে টানা তিনটি লিগ শিরোপা জিতেছিলেন গার্দিওলা। এরও আগে বার্সেলোনার কোচ হিসেবে অসাধারণ সাফল্য অর্জন করেন তিনি। খেলোয়াড় হিসেবেও বার্সেলোনার জার্সিতে বহু ট্রফি জিতেছিলেন এই কিংবদন্তি মিডফিল্ডার।
এম জি