বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আবারও বাবা হয়েছেন।
শুক্রবার (২২ মে) রাত ১০টা ৩৫ মিনিটে তার পরিবারে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি জানিয়েছেন দেশের এই সাবেক তারকা ক্রিকেটার।
নবজাতক সন্তানকে মহান আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত হিসেবে উল্লেখ করে আশরাফুল জানান, এর আগে তিনি এক কন্যাসন্তান ও এক পুত্রসন্তানের বাবা হয়েছেন। এবার পরিবারে এসেছে আরও এক পুত্রসন্তান। এ জন্য তিনি মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত ও আশীর্বাদ। একই সঙ্গে তিনি দোয়া করেন, তার সন্তানরা যেন সুস্থ, সৎ, মানবিক ও দ্বীনদার মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
সাবেক এই অধিনায়ক ভক্ত-সমর্থকদের কাছেও সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি সবার কাছে পরিবারের নতুন সদস্যের জন্য শুভকামনা কামনা করেন।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে পরিচিত আশরাফুল ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক রান ৬ হাজার ৬৫৫।
বর্তমানে ৪১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা এখন তিনি তরুণ ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন।
এম জি