বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি : রয়টার্স

ফুটবল মাঠে কখন কী ঘটবে তা আগে থেকে বলা কঠিন। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপ নিয়ে এবার এক অবিশ্বাস্য পূর্বাভাস দিয়েছে একটি বিশেষ কম্পিউটার অ্যালগরিদম।

জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টের তৈরি করা একটি গাণিতিক মডেল বলছে, এবারের বিশ্বজয়ী হবে নেদারল্যান্ডস।

এই পূর্বাভাসের সবচেয়ে চমকপ্রদ দিক হলো, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স বা স্পেনের মতো চেনা পরাশক্তিদের কাউকেই চ্যাম্পিয়নের তালিকায় রাখা হয়নি।

পূর্বাভাস বলছে, বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড বা 'রাউন্ড অব ৩২' থেকেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে দেবে জাপান।

ক্লেমেন্টের এই গাণিতিক মডেলকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ এর আগে ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের সফল বিজয়ী কারা হবে, তা নিখুঁতভাবে মিলিয়ে দিয়েছিলেন তিনি। ফলে ফুটবল মহলে তার এই নতুন ভবিষ্যৎবাণী নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে।

এই মডেলটি তৈরির ক্ষেত্রে শুধু খেলোয়াড়দের মাঠের নৈপুণ্যই দেখা হয়নি। এর পেছনে যুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট দেশের অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া, গড় আয় এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধার মতো নানা অউপাত্ত। ক্লেমেন্ট মনে করেন, এসব তথ্যের সমন্বয়ে প্রায় ৫৫ শতাংশ নির্ভুলভাবে বিশ্বকাপের ফলাফল অনুমান করা সম্ভব।

অবশ্য এই মডেল অনুসারে, ডাচদের ট্রফি জয়ের পথটা সহজ হবে না। গ্রুপ পর্বে তাদের লড়াই করতে হবে জাপান, সুইডেন ও তিউনিসিয়ার মতো দলগুলোর বিরুদ্ধে।

তবে নকআউট পর্বের হিসাবটি ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে।

সব বাধা পেরিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল। আর সেই মহারণ জিতেই ইতিহাসের প্রথম বিশ্বকাপ ঘরে তুলবে ডাচরা।

এর আগে ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে তিনবার ফাইনালে উঠেও রানার্স-আপ হয়ে মাঠ ছাড়তে হয়েছিল নেদারল্যান্ডসকে। ক্লেমেন্টের গাণিতিক হিসাব যদি সত্যি হয়, তবে এবার ঘুচতে যাচ্ছে ডাচদের সেই দীর্ঘদিনের আক্ষেপ।

এএন