আর মাত্র ১১ দিন পরেই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। এই বিশ্বযজ্ঞকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্য এলো এক দারুণ খবর। আসন্ন মেগা টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের সবকটিই সম্পূর্ণ বিনামূল্যে (ফ্রি) সরাসরি দেখার সুযোগ মিলবে ইউটিউবে। তবে এই দারুণ খবরের পেছনে জড়িয়ে আছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।
সম্প্রতি ব্রাজিলের জনপ্রিয় স্পোর্টস মিডিয়া কোম্পানি ‘লাইভমোড’-এ বড় অঙ্কের বিনিয়োগ করেছেন আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই লাইভমোডের সঙ্গেই যৌথ অংশীদারত্বে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কেজটিভি’ (CazéTV)। এই ইউটিউব চ্যানেলটিই মূলত এবারের বিশ্বকাপের সব ম্যাচ ফোরকে (4K) রেজোলিউশনে লাইভ স্ট্রিম করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
ব্রাজিলের বিখ্যাত স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল ২০২২ সালে এই চ্যানেলটি চালু করেন। কাতার বিশ্বকাপের কিছু ম্যাচ দেখিয়ে সাড়া জাগানোর পর তারা ফিফা নারী বিশ্বকাপ ও অলিম্পিকের মতো আসরও সফলভাবে সম্প্রচার করেছে। এবার মাঠের খেলার পাশাপাশি ফুটবলারদের পর্দার পেছনের দৃশ্য ও ইন্টারঅ্যাক্টিভ সেশনেরও পরিকল্পনা রয়েছে তাদের।
ইউটিউবে বিনামূল্যে খেলা দেখার এই খবরটি যতটা আনন্দের, বাংলাদেশ ও ভারতের ফুটবল ভক্তদের জন্য তা ঠিক ততটাই হতাশার। কারণ, কেজটিভি ও এর মূল সংস্থা লাইভমোড কেবল ব্রাজিল অঞ্চলের জন্যই এই ডিজিটাল সম্প্রচার স্বত্ব (ব্রডকাস্ট রাইটস) কিনেছে। ফলে ব্রাজিল ছাড়া বিশ্বের অন্য সব দেশের জন্য এই চ্যানেলের লাইভ স্ট্রিমিং পুরোপুরি 'জিও-ব্লক' বা লক করা থাকবে।
বাংলাদেশ ও ভারতের দর্শকদের আপাতত নিজস্ব অঞ্চলের অফিশিয়াল ব্রডকাস্টারদের ঘোষণার জন্যই অপেক্ষা করতে হচ্ছে। তবে জানা গেছে, ভারতে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছে ‘জি’ নেটওয়ার্ক। সবকিছু ঠিক থাকলে তারা তাদের স্পোর্টস চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’ (Zee5) অ্যাপের মাধ্যমে ম্যাচগুলো সরাসরি দেখাতে পারে।
এএন