সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরার লড়াইয়ে প্রথমার্ধ শেষে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। রোববার গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩৫ মিনিটে গোল করে স্বাগতিকরা এগিয়ে যায়।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচ জমে উঠলেও প্রথম গোলের দেখা পায় ভারত। গোল হজমের পর সমতায় ফেরার কয়েকটি সুযোগ তৈরি করলেও বিরতির আগে জালের দেখা পায়নি বাংলাদেশ।
ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারতের জন্য ড্রই যথেষ্ট, কিন্তু শীর্ষস্থান নিশ্চিত করতে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।
গ্রুপসেরা দল সেমিফাইনালে শক্তিশালী নেপালকে এড়ানোর সুযোগ পাবে। ফলে শেষ চারের টিকিট নিশ্চিত হলেও ম্যাচটির গুরুত্ব কম নয়।
দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে দীর্ঘদিন ভারতের আধিপত্য থাকলেও সাম্প্রতিক সময়ে সেই চিত্র বদলেছে। ২০২২ ও ২০২৪ সালের আসরে শিরোপা জিতে বাংলাদেশ নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করেছে। টানা তৃতীয় শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামা বাঘিনীদের সামনে এখন দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
এএন