বিশ্বকাপ নিয়ে হাতি-গরিলা-জিরাফের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০১:৪৩ পিএম

২০১০ বিশ্বকাপে নির্ভুল ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল পল অক্টোপাস। এবার ২০২৬ বিশ্বকাপ শুরুর আগেও চিড়িয়াখানার নানা প্রাণীকে দিয়ে চলছে ম্যাচ জয়ের আগাম অনুমান।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করেছে দুটি হাতি। মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানার ওই দুটি হাতির সামনে আলাদা আলাদা খাবার রাখা হয়েছিল। যার মধ্যে একদিকে মেক্সিকোর পতাকায় মোড়ানো ছিল ঘাস এবং অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পতাকায় ছিল সবুজ পাতা।

খাবার দেখে হাতি দুটি ধীর পায়ে মেক্সিকোর পতাকার দিকে এগিয়ে যায় এবং সেখান থেকে ঘাস মুখে তোলে। হাতির এমন আচরণ দেখে বিশ্লেষকেরা ধরে নিচ্ছেন, আগামী ১১ জুনের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনায়াসেই জিতবে স্বাগতিক মেক্সিকো।

হাতির পর্ব শেষ হওয়ার পর ফুটবলের ভাগ্য গণনার জন্য ‘চেনচি’ ও ‘ফাউস্তিনা’ নামের দুটি গরিলাকে হাজির করা হয়েছিল। আগামী ২৬ জুনের স্পেন বনাম উরুগুয়ের হাইভোল্টেজ ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছে তারা। গরিলা দুটির সামনে দুটি ভিন্ন পাত্রে ঝুলিয়ে রাখা হয়েছিল খাবার ও খেলনা ভরা রঙিন পাত্র, যা স্থানীয়ভাবে পিনিয়াতা নামে পরিচিত। পাত্রগুলোর গায়ে দুই দেশের জার্সি আঁকা ছিল। সব দেখে একটি গরিলা আচমকা উরুগুয়ের জার্সির পাত্রটির দিকে ঝাঁপিয়ে পড়ে উরুগুয়ের জয় নিশ্চিত করে।

শুধু হাতি বা গরিলাই নয়, মেগা আসরের ভাগ্য বলতে ময়দানে নেমেছে ‘মুলুক’ নামের এক পুমা এবং চিড়িয়াখানার ছয়টি জিরাফও। পুমাটি চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়াকে জয়ী দল হিসেবে বেছে নিয়েছে।

অন্যদিকে উচুঁ গলার জিরাফদের দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাঠের লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে নিশ্চিতভাবেই জিতবে গণপ্রজাতন্ত্রী কঙ্গো।

বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে প্রাণীদের দিয়ে এমন মজার ভবিষ্যদ্বাণী সামনেও নিয়মিত চলবে বলে জানিয়েছেন গুয়াদালাহারা চিড়িয়াখানার কিপার ইভান রেইনোসো। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে এই প্রাণীরা পুরো টুর্নামেন্ট জুড়েই তাদের মতো করে ভবিষ্যদ্বাণী করে যাবে।

এএন