‘স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা’

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৯:৩৯ পিএম

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে পাঁচ বছর আগের একটি পোস্ট। ২০২১ সালে এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত সেই পোস্টে দাবি করা হয়েছিল, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে স্পেনকে হারিয়ে শিরোপা জিতবে। স্পেন ও আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরই পুরোনো সেই পোস্ট আবারও ভাইরাল হয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা নিশ্চিত করে শিরোপা লড়াইয়ের টিকিট। এই দুই দলের ফাইনালে ওঠার পরই ২০২১ সালের সেই পোস্ট নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, পাঁচ বছর আগের ওই পোস্টে শুধু ফাইনালের ফলই নয়, সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে আর্জেন্টিনার জয় নিয়েও ইঙ্গিত ছিল। বাস্তবে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই আর্জেন্টিনা ফাইনালে পৌঁছেছে, যা পোস্টটিকে আরও বেশি আলোচিত করে তুলেছে।

২০২১ সালের ১২ জুলাই প্রকাশিত পোস্টটিতে লেখা ছিল, ‘আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে।’ ফাইনালের আগে এমন নির্দিষ্ট স্কোরলাইন উল্লেখ থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তবে এই ভবিষ্যদ্বাণীকে সবাই সমানভাবে গুরুত্ব দিচ্ছেন না। একাংশের মতে, এটি অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা। আবার অনেকের দাবি, এটি ইন্টারনেটের বহুল ব্যবহৃত একটি কৌশল হতে পারে। অতীতেও দেখা গেছে, কিছু অ্যাকাউন্ট সম্ভাব্য অসংখ্য ফলাফল আগে থেকেই আলাদা আলাদাভাবে পোস্ট করে রাখে। পরে ভুল ভবিষ্যদ্বাণীগুলো মুছে দিয়ে কেবল সঠিক মিল পাওয়া পোস্টটি রেখে দেওয়া হয়। এরপর সেটিই ভাইরাল হয়ে ‘অলৌকিক ভবিষ্যদ্বাণী’ হিসেবে ছড়িয়ে পড়ে।

এদিকে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। এই ম্যাচের মাধ্যমে জানা যাবে, আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে কি না, নাকি ২০১০ সালের পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে স্পেন।

এএন