২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছে স্পেন। এই সাফল্যের পর বিশ্বের বিভিন্ন প্রান্তে স্প্যানিশ দলের ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবলের প্রশংসা চলছে। সেই ধারাবাহিকতায় স্পেনকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে ইরানও।
সোমবার তেহরান থেকে জানানো হয়, স্পেনের এই জয় শুধু দেশটির সমর্থকদেরই আনন্দ দেয়নি, বরং বিশ্বের সেইসব মানুষের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরোধিতা করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্পেনের প্রতি ব্যাপক সমর্থন দেখা গেছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা এবং যুদ্ধের বিষয়ে স্পেন সরকারের অবস্থানকে সামনে এনে অনেকেই দেশটির বিজয় উদ্যাপন করেছেন।
অন্যদিকে, ইসরায়েলের বিভিন্ন রাজনীতিক ও ফুটবল সমর্থকরা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর ইসরায়েলপন্থি অবস্থান এবং দেশটির নীতির প্রতি তার প্রকাশ্য সমর্থন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফ বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের খেলোয়াড়দের সংহতি এবং ইরানের প্রতি দেশটির সমর্থন প্রমাণ করে যে স্বাধীনতা, দৃঢ়তা ও মর্যাদাবোধ স্পেনের মতো সচেতন জাতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন, স্পেনের এই শিরোপা জয় শুধু দেশটির মানুষের জন্য নয়, বরং বিশ্বের বহু স্বাধীনচেতা, মুক্তিকামী ও ন্যায়বিচারে বিশ্বাসী মানুষের কাছেও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইও স্পেনের অবস্থানের প্রশংসা করেছিলেন। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেন জাতীয় দল এবং দেশটির সামগ্রিক অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।
এএন