বাগেরহাট প্রতিনিধি
জুন ৯, ২০২৬, ০৪:২৭ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হাবিবুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত), মোরেলগঞ্জ সার্কেল অফিস; জনাব মো. মাহামুদুর রহমান, অফিসার ইন-চার্জ, মোরেলগঞ্জ থানা; জনাব অতিশ সরকার, সহকারী কমিশনার (ভূমি)। আরও উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাগণ এবং স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।
কর্মশালার উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে সক্ষম সরকারি ও বেসরকারি সংস্থা (এনজিও) চিহ্নিত করা এবং একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা। বিভিন্ন সংস্থার মাধ্যমে কীভাবে গ্রামীণ জনগণের কাছে গ্রাম আদালতের সেবা সম্পর্কে কার্যকরভাবে তথ্য পৌঁছানো যায় তা নির্ধারণ করা এবং স্থানীয় সরকারি প্রতিষ্ঠান, এনজিও ও গণমাধ্যমের সঙ্গে ভবিষ্যতে নিয়মিত ফলো-আপ ও প্রকল্পভিত্তিক কারিগরি সহযোগিতা নিশ্চিত করা।
উপজেলা নির্বাহী অফিসার কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিভিন্ন ইউনিয়নের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান বিষয়ে মতামত গ্রহণ করেন এবং গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধিতে সাংবাদিক, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশান্ত রায় ও পলাশ বর্মন, উপজেলা সমন্বয়কারী।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন, মোরেলগঞ্জ।
এএন