মো. সাইদ হাসান, গাংনী (মেহেরপুর)
জুন ৯, ২০২৬, ০৪:৪০ পিএম
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় শুরু হয়েছে সমর্থকদের উৎসবমুখর প্রস্তুতি। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের অনন্য বহিঃপ্রকাশ হিসেবে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় টাঙানো হয়েছে ২১৮ হাত দীর্ঘ একটি বিশাল আর্জেন্টিনার পতাকা। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সোমবার রাত ১০টার দিকে গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন নেটফাস্ট মোবাইল সেন্টারের সামনে থেকে এপেক্স শোরুম পর্যন্ত দীর্ঘ এ পতাকাটি টাঙানো হয়। গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একদল তরুণ ফুটবলপ্রেমী যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেন। তাদের মধ্যে তুষার, সোহাগ ও আগুনের নাম উল্লেখযোগ্য।
আয়োজক তুষার জানান, আমি এবং আমার বন্ধুরা দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের সমর্থক। সবাই মিলে অর্থ ও শ্রম দিয়ে বিশাল এই পতাকাটি তৈরি করেছি। পতাকাটি টাঙানোর পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় করছে। অনেকে ছবি তুলছে, আবার কেউ কেউ সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছে। আমাদের এই উদ্যোগ দেখে অন্য দলের সমর্থকরাও নিজেদের পছন্দের দলের বড় পতাকা তৈরির পরিকল্পনা করছে।
স্থানীয়দের মতে, শুধু একটি পতাকা নয়, এটি ফুটবলপ্রেমীদের আবেগ, ভালোবাসা ও বিশ্বকাপকে ঘিরে উৎসবেরই প্রতীক। রাতেই অসংখ্য কৌতূহলী মানুষ দীর্ঘ পতাকাটি দেখতে এসে ভিড় করেন এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকাতেও বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে। একসময়ের জনপ্রিয় ফুটবলার আজমাইন হোসেন বলেন, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই বড় বড় পতাকা টাঙানোর সংস্কৃতি তৈরি হয়েছে। ২০১৮ সালে বাড়ির সামনে আর্জেন্টিনার একটি বিশাল পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলাম। প্রায় এক বছর ভুগেছি। কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসা একটুও কমেনি।
অন্যদিকে, সোমবার বিকেলে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে আর্জেন্টিনার সমর্থনে শতাধিক মোটরসাইকেলের একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। পরে মোহাম্মদপুর বাইতুল আমান জামে মসজিদ বাজার থেকে ওল্টু মিয়ার মেডিসিন দোকান পর্যন্ত প্রায় ৫০০ ফুট দীর্ঘ আরেকটি আর্জেন্টিনার পতাকা টাঙানো হয়।
যুব সংঘের সদস্য খাইরুল ইসলাম জানান, বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। আমাদের টাঙানো পতাকাটিও দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন। একই তথ্য নিশ্চিত করেছেন আয়োজকদের আরেক সদস্য নাজমুল হোসেন।
এদিকে বিশ্বকাপ ঘিরে সমর্থকদের মধ্যে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মানুষের আবেগ ও পছন্দ ভিন্ন হতে পারে। তবে সমর্থনের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনা সৃষ্টি করা যাবে না। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে খেলা উপভোগ করতে হবে। গভীর রাতে খেলা চলাকালে অপরাধীরা যেন সুযোগ নিতে না পারে, সেদিকেও এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে।
বিশ্বকাপের আগমনী বার্তায় গাংনীর অলিগলি, বাজার ও গ্রামাঞ্চলে এখন ফুটবল উন্মাদনা স্পষ্ট। প্রিয় দলের পতাকায় রঙিন হয়ে উঠছে জনপদ, আর সমর্থকদের আবেগ-উচ্ছ্বাস জানিয়ে দিচ্ছে বিশ্বকাপের মহারণের অপেক্ষা আর খুব বেশি দিনের নয়।
এএন