আলী রেজা রাজু, সাভার
জুন ৯, ২০২৬, ০৫:০৩ পিএম
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। সোমবার গভীর রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খোকন (২৬) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আশুলিয়ার চিত্রাশাইল (কাঠালতলা) এলাকায় অবস্থান করছিলেন।
ডিবি জানায়, বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে খোকনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে “MADE IN PAKISTAN” লেখা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করেছে যে, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত খোকনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি আশুলিয়ার বিভিন্ন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ডিবির এই অভিযানকে স্বস্তির খবর হিসেবে দেখছেন তারা।
ঢাকা জেলা ডিবি জানিয়েছে, অপরাধ ও সন্ত্রাস দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এএন