বরগুনা প্রতিনিধি
জুন ৯, ২০২৬, ০৯:০১ পিএম
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মতিউর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রায় ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরে থাকা ডা. মতিউর রহমানের ছোট ভাই আব্দুস সালামকে বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে ঘরের মালামাল তছনছ করে সেখানে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
বাড়ির মালিক ডা. মতিউর রহমান জানান, একদল ডাকাত জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে আলমারিতে থাকা প্রায় ১৯ ভরি স্বর্ণালংকার এবং ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাদাত মো. হাছনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম জি