আন্তর্জাতিক ডেস্ক
জুন ৯, ২০২৬, ০৭:২১ এএম
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে আগামী দুই সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ ক্যারোলিনায় সিনেটর লিন্ডসে গ্রাহাম-এর নির্বাচনী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ আভাস দেন।
ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তাঁর ভাষায়, ‘তারা একটি খুব ভালো চুক্তি করতে চায়। তারা আমাদের সবকিছু দিতে প্রস্তুত এবং পারমাণবিক অস্ত্র না রাখার প্রতিশ্রুতিও দিতে রাজি আছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার বিশ্বাস আমরা এই লড়াইয়ে এগিয়ে আছি। আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা প্রকৃত বিজয় দেখতে পাবেন, যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব। এটি হবে একটি পূর্ণাঙ্গ বিজয়, এবং সেটি খুব শিগগিরই ঘটবে। তখন তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।’
তবে ‘দুই সপ্তাহের মধ্যে’ বড় ধরনের অগ্রগতির আশ্বাস ট্রাম্পের জন্য নতুন নয়। এর আগে গত ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতিকেও প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য নির্ধারণ করা হয়েছিল। ওই সময়ের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধানে একটি সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে তাঁর ঘোষণার বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন
এএন