মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা ফারুক মোল্লাসহ ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-৩। এ সময় আসামিদের কাছ থেকে ৮৮ টি চোরাই মোবাইলফোন এবং নগদ অর্থ জব্দ করে র্যাব।
এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৩ টিকাটুলি থেকে এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া স্টাফ অফিসার ফারজানা হক।
আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা মো. ফারুক মোল্লা (৫০) এবং তার সহযোগী মো. ইমরান খাঁন(২৪) মো. মিলন(২৫) মো. পারভেজ দফাদার (২২) মো. শাম্মু (৩২) এবং মো. আবু হানিফ(৩০) মোট ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে।
এ সকল মোবাইলফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অপরাধী চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
এআরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন