চীন এর বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ (ইউএনডিপি) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে প্রায় ১৫০০ সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে কড়াইল বস্তিতে প্রায় ৭০ জন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
গতকাল সোমবার দুপুরে কড়াইল বস্তিতে বসবাসকারী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন ডিএনসিসি মেয়র। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে এবং তাদের স্বাবলম্বী করতে এই সেলাই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বয়ংক্রিয় এই সেলাই মেশিনটির মাধ্যমে নারীরা বিভিন্ন ডিজাইনের পণ্য তৈরি করে চাইলে অনলাইনেও বিক্রি করতে পারবে। অনলাইনে পণ্য বিক্রির সুযোগ থাকায় অনেক অর্থ খরচ করে দোকান দেয়ার প্রয়োজন নেই। চীন সরকারের অর্থায়নে ইউএনডিপি নারীদের আর্থিক স্বচ্ছতা সৃষ্টির জন্য বিনামূল্যে সেলাই মেশিন সরবরাহ করছে। এটির মাধ্যমে একটি পরিবারের আর্থিক সমস্যা দূর হওয়া সম্ভব হবে।’
মেয়র আরও বলেন, ‘চীন ও বাংলাদেশের মধ্যে চমৎকার সুসম্পর্ক বিদ্যমান। চীনের এই ধরনের উদ্যোগের ফলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। ইউএনডিপি বিভিন্ন কমিউনিটির বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা নিয়ে কাজ করে। এটি দারুণ বিষয়। এর ফলে টেকসই সমাধান নিশ্চিত হয়। ইউএনডিপি অনেকগুলো বস্তিতে টয়লেট নির্মাণ করেছে, বৃক্ষরোপণ করেছে। সংস্থাটি প্রথমবারের মতো সাততলা বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করেছে। ডিএনসিসির আওতাধীন এলাকায় ইউএনডিপি`র নানা কর্মসূচির জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও চলমান থাকবে বলে বিশ্বাস করি।’
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে সেলাই মেশিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেলাই মেশিন ব্যবহার করে একজন নারী পরিবারের সদস্যদের জন্য কাপড় সেলাই করার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হতে পারবে৷ চীন সরকার বাংলাদেশের এবং ইউএনডিপি`র সাথে দীর্ঘদিন ধরে অনেক বিষয়ে একসঙ্গে কাজ করছে। চীন সরকার বাংলাদেশের সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেলের মতো মেগাপ্রকল্প ছাড়াও অসংখ্য ছোট ছোট প্রকল্পে কাজ করছে।’
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘ইউএনডিপি বাংলাদেশসহ বিশ্বের প্রায় আরও ১৭০টি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। বাংলাদেশের সাথে ইউএনডিপি শুধু আজকে নয় সেই ২০১৭ সালেও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সংস্থাটি কাজ করেছে। বন্যায় রোগাক্রান্ত অসংখ্য মানুষের জন্য ওষুধ সরবারাহ করেছে। ডিএনসিসিতে ইউএনডিপি একটি ইনোভেশন ল্যাব স্থাপনের জন্যও কাজ করছে।’
অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসি`র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর মো. নাছির এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ।
আরএস
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন