রাজধানীতে অপহরণকারী আওয়ামী লীগ কর্মীকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৯:০৬ পিএম
রাজধানীতে অপহরণকারী আওয়ামী লীগ কর্মীকে গণধোলাই

রাজধানীর মাতুয়াইল এলাকায় এক অপহরণকারীকে আটকের পর গণধোলাই দিয়েছে স্থানীয়রা। গণধোলাইয়ের শিকার ওই অপহরণকারীর নাম হাসিবুল হাসান। তিনি মাতুয়াইলের বাসিন্দা মৃত মনির উদ্দিনের ছেলে বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, হাসিবুল হাসান এলাকায় চাঁদাবাজি করতো এবং বিভিন্ন সময় মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতো। সে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল বলে এলাকার মানুষ তাকে এতোদিন ভয়ে কিছু বলতে পারেনি। 

এর আগে, হাসিবুল হাসান হৃদয় দেবনাথ নামে এক ব্যক্তিকে অপহরণ করে এক লাখ টাকা এবং রাকিবুল হাসান নামক এক ব্যক্তির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে বলেও জানান স্থানীয়রা।

জানা গেছে, গণধোলাইয়ের পর তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তিও করিয়েছে স্থানীয়রা। পরবর্তীতে থানায় দেয়ার কথা থাকলেও থানায় দেয়া হয়েছে কী না তা জানা যায়নি।  

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দিয়েছিল হাসিবুল হাসান। এরপর হঠাৎ এলাকায় আসলে এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দেয়। গণধোলাইয়ের পর সে মুক্তিপণের সব টাকা ফেরত দেবে বলেও জানায়।

আরএস