মুসলিম বিশ্বের কাছে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান ‘মার্চ ফর গাজা’ থেকে

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৫:৩৮ পিএম
মুসলিম বিশ্বের কাছে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান ‘মার্চ ফর গাজা’ থেকে

ঢাকায় ফের অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষ আলেম ওলামারা এ আয়োজন করেন। এর আগে এ ধরনের কর্মসূচি ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

কর্মসূচিতে মুসল্লিরা অংশ নেন এবং হাতে ‘ফ্রি ফর গাজা’ ও ‘সেভ গাজা’ লেখা প্ল্যাকার্ড ধারণ করেন। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য স্লোগানও দেওয়া হয়। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে মঞ্চ তৈরি করা হয়, যেখানে বাংলা, ইংরেজি ও আরবিতে ঘোষণাপত্র পাঠ করা হয়।

বক্তাদের মধ্যে ছিলেন চট্টগ্রামের আন্দারকিল্লা মসজিদের খতিব তাহের জাবের আল মাদানী, আল্লামা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

ঘোষণাপত্রে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি ১০ দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে— গাজায় ইসরায়েলি হত্যা বন্ধ করা, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার নিশ্চিত করা, গণহত্যা বন্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ, গাজায় পর্যাপ্ত পানি ও খাবার পৌঁছে দেওয়া, ওআইসিকে ইসরায়েলের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান।

ঘোষণাপত্রে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য বর্জন এবং গাজার যুদ্ধাপরাধে সম্মিলিত অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, “যে কোনো মূল্যে গাজাকে উদ্ধার করতে হবে, বায়তুল মোকাদ্দাসকে উদ্ধার করতে হবে। এ মিছিল কেবল প্রতিবাদ নয়, এটি আমাদের দ্রোহের বহিঃপ্রকাশ। আমরা প্রতি রক্তাক্ত শিশুর পাশে দাঁড়াব।”

মঞ্চে বক্তব্যের পর কর্মসূচিতে অংশ নেওয়া মুসল্লিরা ঢাকার পল্টন ও বিজয়নগর এলাকায় মিছিল অনুষ্ঠিত করেন।

ইএইচ