বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে ৩২০ জন সাংবাদিক ও মৃত্যুবরণকারী ১৫ সাংবাদিকের পরিবারের মাঝে ২ কোটি ১০ লক্ষ টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার তথ্য ভবনের ডিএফপির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিকদের কল্যাণে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে মাহবুবা ফারজানা জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ট্রাস্টের মাধ্যমে মোট ৫৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সরকার কাজ করছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, গত এক বছরে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিককে ১০ কোটি ৭০ লক্ষ টাকার কল্যাণ অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পাঁচ সাংবাদিকের পরিবার ও ১৯২ জন আহত সাংবাদিককে সম্মাননা স্মারক, সনদ এবং ৫৪ লাখ টাকার সম্মানি দেওয়া হয়েছে। একই সময়ে ৩০৫ জন সাংবাদিকের সন্তানকে ৫৫ লাখ ২৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত, মো. আলাউদ্দিন এবং সদ্যপ্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ছোট ভাই চিররঞ্জন সরকার।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন