অর্থ উপদেষ্টা

দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৭:৪২ পিএম
দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে।

মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথাগুলো বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত পিটার হাস ওই প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে এলএনজি কেনা হচ্ছে না। এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে। গমও কেনা হচ্ছে সেই বিবেচনায়। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, সার আমদানির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর এবং জিরো টলারেন্স।

তিনি বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চলছে। ট‍্যাক্স রেভিনিউ এখন স্থিতিশীল রয়েছে, যা ইতিবাচক।

ইএইচ