রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে টানা ১৮ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন আউটসোর্সিং কর্মীরা। দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালালেও কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পেয়ে বাধ্য হয়েই তারা এ কর্মসূচি শুরু করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিভিন্ন সরকারি দপ্তরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করলেও বছরের পর বছর ধরে বেতন-বোনাসসহ ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে চাকরির স্থায়িত্ব নিয়েও তারা অনিশ্চয়তায় রয়েছেন।
তাদের অভিযোগ— বারবার সংশ্লিষ্ট দপ্তরে ধরনা দিলেও কোনো ফল মেলেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকশ’ কর্মী খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এদের মধ্যে অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজনকে হাসপাতালে নিতে হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
একজন কর্মী বলেন, “আমরা দিন-রাত পরিশ্রম করি, অথচ ন্যায্য বেতন পাই না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। সরকার যদি দ্রুত সমাধান না করে তবে আমাদের বাঁচার পথ বন্ধ হয়ে যাবে।”
আউটসোর্সিং কর্মীরা দাবি জানিয়েছেন— দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ, চাকরির স্থায়িত্ব নিশ্চিতকরণ, ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ ও উৎসব ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা প্রদান।
এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা সরাসরি বক্তব্য দেননি।
তবে মন্ত্রণালয়ের ভেতরের একাধিক সূত্র জানিয়েছে, তাদের দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি থেকে সরে আসবেন না।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন