পুলিশের সঙ্গে সংঘর্ষ: রাস্তায় পড়েছিল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:২১ পিএম
পুলিশের সঙ্গে সংঘর্ষ: রাস্তায় পড়েছিল জুলাই যোদ্ধার কৃত্রিম হাত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় পুলিশের সঙ্গে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সংঘর্ষ ঘটে। 

এ সময় এক জুলাই যোদ্ধার শরীরে লাগানো কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

আন্দোলনরত জুলাই আহতরা সংসদ ভবনের সামনে তাদের দাবির পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে তারা সংসদ ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পু

লিশ ও এপিবিএন সদস্যরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে এমন কিছু জুলাই যোদ্ধাও রয়েছেন যারা পা বা হাত হারিয়েছেন।

সংঘর্ষের সময় লাঠিচার্জ সহ্য করতে না পেরে এক জুলাই যোদ্ধা হাত রেখেই দ্রুত পালিয়ে যান। সংঘর্ষের পর আহতরা কিছুদূর এগিয়ে আবার পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।

আন্দোলনকারীরা সংসদ সনদ অনুষ্ঠানের জন্য নির্মিত রাস্তার একটি বুথে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ পরে আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ওপর ধাওয়া চালায়। দুপুর ২টা ১৫ মিনিটের পরিস্থিতি অনুযায়ী, আসাদগেটের দিকে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়ে ছোটাছুটি করছে এবং মোড়ে পুলিশও অবস্থান নিয়ে নিয়ন্ত্রণ স্থাপনের চেষ্টা করছে।

ইএইচ