বিএনপি প্রার্থীকে গুলি: হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১১:৫২ পিএম
বিএনপি প্রার্থীকে গুলি: হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

চট্টগ্রামে গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপি আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজনকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাতে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে এই নির্দেশের কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ লক্ষ্যবস্তু ছিলেন না। একটি বিপথগামী গুলিতে তিনি আহত হন। সরকার তার দ্রুত সুস্থতা কামনা করছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

সরকার এই অপরাধমূলক ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা এবং অধিকার সুরক্ষায় তাদের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের পর দ্রুত বিচারের আওতায় আনতে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সহিংসতা ও ভয়-ভীতি প্রদর্শনের কোনো স্থান রাজনৈতিক ও সামাজিক জীবনে নেই। সিএমপি এরইমধ্যে হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য পরিবেশে ফেব্রুয়ারির নির্বাচন হতে সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্বর্তী সরকার।

এর আগে, বিকেলে বন্দরনগরীর বায়েজিদ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপি থেকে সদ্য মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ। তিনি মহানগর বিএনপির আহ্বায়ক। সেই সময় গুলিতে নিহত হন তার সঙ্গে গণসংযোগে থাকা সরোয়ার বাবলা।

ইএইচ