রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে।
বুধবার ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।
এর আগে, সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে বেলা ১২টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে একটি ভবনের গেটে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে দুই ব্যক্তি তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যান।
জানা গেছে, খুনের মামলার হাজিরা দিতে আদালতপাড়ায় গিয়েছিলেন মামুন। পরে তাকে ধাওয়া করে গুলি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, কে বা কারা মামুনকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি একজন দিনমজুর শ্রেণির মানুষ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, মধ্য বাড্ডার কমিশনার গলির বিকাশের মেসের নিচতলায় ঘটনাটি ঘটে। যে বাসায় মামুন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সেখানে থাকতেন না।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন