জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায়ের তারিখ ধার্য করা হবে আজ।
এ দিনকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিলেও সকাল থেকে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভোর ৬টা থেকেই কর্মমুখী মানুষ রাস্তায় নামতে শুরু করেন। অফিসগামী ও শ্রমজীবী মানুষ ছুটছেন নিজ নিজ কর্মস্থলে। রাজধানীর ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, কারওয়ান বাজার, গাবতলী, মিরপুর, সায়েন্সল্যাব ও উত্তরা এলাকায় যানবাহনের চাপ আগের দিনের তুলনায় কিছুটা বেশি দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়েছেন। সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজধানীর ফার্মগেটে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, “আমাদের টিম ভোর ৫টা থেকেই অবস্থান করছে। এখন পর্যন্ত কোথাও সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।”
কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে দায়িত্বে থাকা আরেক পুলিশ সদস্য বলেন, “সন্দেহভাজন যানবাহনগুলো চেক করা হচ্ছে, যেন কোনো নাশকতার সরঞ্জাম বহন না হয়। এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।”
উল্লেখ্য, গত দুই দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন