ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জরুরি তথ্য চাইল অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৮:২৮ পিএম
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জরুরি তথ্য চাইল অন্তর্বর্তী সরকার

দেশজুড়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহে দ্রুত উদ্যোগ নিয়েছে সরকার। হাইস্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে জরুরি ভিত্তিতে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে।

রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তথ্য জানতে জেলা পর্যায়ের অফিসগুলোকে নির্দেশ দিয়েছে। 

প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষরিত চিঠিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তথ্য ও ছবি সংযুক্ত করে আজকের মধ্যে জেলা অফিসের নির্বাহী প্রকৌশলীদের প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও মাঠপর্যায়ের কর্মকর্তাদের চিঠি দিয়েছে। অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত চিঠিতে বিভাগীয় উপপরিচালকদের ২৭ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস সূত্র জানিয়েছে, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত শুক্রবার ও শনিবার দেশজুড়ে পরপর চার দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। নিরাপত্তার কারণে কয়েকটি স্কুল-কলেজ গত রোববার বন্ধ রাখা হলেও সোমবার থেকে শিক্ষাক্রম স্বাভাবিক হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখেছে।

সরকার আশা করছে, এই জরুরি তথ্য সংগ্রহের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পুনর্বাসন ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।

ইএইচ