রাজধানীর লালবাগ এলাকার শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে হোসেন (২৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত হোসেন একটি চুড়ি কারখানায় কাজ করতেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হোসেন লালবাগ থানার শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকতেন। তিনি মাদারীপুরের শাহ আলমের ছেলে।
নিহত হোসেনের বোন সুরাইয়া ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে জানান, গতকাল (সোমবার) আবির ও নীরব নামের দুইজনের মধ্যে একটি লাঠি নিয়ে ঝগড়া হয়েছিল। সেখানে তাঁর ভাই হোসেন তাদের ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনায় আবির (ওই এলাকার স্থানীয় রোকসানার পোলা নামে পরিচিত) তাঁর ভাইয়ের ওপর ক্ষিপ্ত হয়। যদিও হোসেন গতকাল রাতে আবিরের কাছে ক্ষমা চেয়েছিলেন।
সুরাইয়া বলেন, আজ বিকেল সাড়ে ৩টার দিকে আবির আমার ভাইকে গলিতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাথাড়ি আঘাত করে। পরে আমরা খবর পেয়ে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার ভাই আর বেঁচে নেই।
তিনি আরও জানান, সাধারণ একটি ঘটনা নিয়ে তাঁর ভাইকে এভাবে হত্যা করা হলো। তিনি ভাইয়ের হত্যার বিচার দাবি করেন। সুরাইয়া অভিযোগ করেন, অভিযুক্ত আবির ওই এলাকার স্থানীয় এবং বাড়িওয়ালা। সে ছাত্রলীগ করত বলে গত এক বছর এলাকা থেকে পলাতক ছিল এবং কিছুদিন আগে এলাকায় ফিরে এসে এই হত্যাকাণ্ড ঘটায়।
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, ছুরিকাঘাতে এক যুবককে হত্যার খবর আমরা পেয়েছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এই ঘটনায় যেই জড়িত হোক, তাদের আইনের আওতায় আনা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন