বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ে তোলা সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও দালাল নিয়ন্ত্রিত ব্যবস্থার মূল কাঠামো এখনো ভাঙা সম্ভব হয়নি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কর্মী পাঠানোর প্রক্রিয়াটি বর্তমানে বিপজ্জনকভাবে প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়েছে। এই কাঠামোগত দুর্বলতা ও নথি জালিয়াতির সংকট দূর না হওয়া পর্যন্ত অভিবাসন খাতে প্রকৃত কোনো অগ্রগতি সম্ভব নয়।
গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ড. ইউনূস জানান, গ্রামীণ নারীরা সন্তানদের বিদেশে পাঠাতে ঋণের আবেদন করার সময়ই তিনি প্রথম দালালচক্রের ভয়াবহতা টের পান। তিনি সাফ জানিয়ে দেন, রেমিট্যান্সের মাধ্যমে দেশকে সমৃদ্ধ করতে হলে যে কোনো মূল্যে এই বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া।
অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসীকে সিআইপি সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টা প্রবাসী কর্মীদের জন্য বিমা সুবিধা, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান ও মেধাবী সন্তানদের জন্য বৃত্তির চেক বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও দেশের অর্থনীতিতে তাদের অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন