তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এলএনজি থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে হ্রাস পাওয়ায় তিতাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু করে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা তিতাসের সব শ্রেণির গ্রাহক গ্যাসের চাপ কম পেতে পারেন। এর ফলে আবাসিক রান্নাবান্না থেকে শুরু করে বাণিজ্যিক ও শিল্প কারখানার উৎপাদন কার্যক্রমে সাময়িক ভোগান্তির সৃষ্টি হতে পারে। টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের জন্য জাতীয় গ্রিডে গ্যাসের প্রাপ্যতা কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় পূর্ণ চাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন