প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, জড়িত ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৫৪ এএম
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, জড়িত ৯ জন গ্রেপ্তার

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা এবং মো. শফিকুল ইসলাম। 

এছাড়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে, যাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলা ও ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার রাকিব হোসেনকে ভিডিও ফুটেজে অগ্নিসংযোগে সরাসরি অংশ নিতে দেখা গেছে এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্টও দিয়েছিলেন। মো. নাইমকে লুট হওয়া ৫০ হাজার টাকাসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ

ছাড়া গ্রেপ্তাপর সোহেল রানা ও শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক এবং অগ্নিসংযোগের একাধিক মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারওয়ান বাজারে এই নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। ওই রাতেই ডেইলি স্টার কার্যালয়ের সামনে প্রবীণ সাংবাদিক ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করা হয়। 

ঢাকার পাশাপাশি কুষ্টিয়া, খুলনা ও সিলেটেও প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ইএইচ