বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলে যে রেকর্ডসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটেছে, তাতে আগামী সাধারণ নির্বাচন নিয়ে সব সংশয় দূর হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এখন মাত্র সাত সপ্তাহ বা ৪৯ দিন দূরে।
তিনি লেখেন, “নির্বাচন সময়মতো হবে কি না, তা নিয়ে আমার মনে কখনোই সন্দেহ ছিল না। তবে গতকালের ঐতিহাসিক ঘটনাবলি সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও মুছে দিয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়েই হচ্ছে এ নিয়ে এখন আর কোনো প্রশ্ন নেই।”
প্রেস সচিব আরও বলেন, মৌসুমের তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সাধারণ মানুষের এই বিশাল উপস্থিতি প্রমাণ করে যে জাতি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি আগামী কয়েক দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়া এবং এরপর দেশজুড়ে নির্বাচনী উৎসবের আমেজ ছড়িয়ে পড়ার ইঙ্গিত দেন।
পোস্টের শেষে শফিকুল আলম দেশের রাজনৈতিক বিভাজন দূর করার ওপর গুরুত্বারোপ করে লেখেন, “বাংলাদেশ বর্তমানে গভীর ক্ষত ও প্রশস্ত হতে থাকা এক বিভাজন বহন করছে। একমাত্র একটি সত্যিকারের বিশ্বাসযোগ্য নির্বাচনই এই ক্ষত নিরাময় করতে পারে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন