স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, এ সংক্রান্ত ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ‘গুজব’।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন নিরাপত্তা উপদেষ্টা।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তার অবস্থান পরিষ্কার করেন। খলিলুর রহমান সরাসরি বলেন, “আমার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি একটি গুজব।”
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। এই ঘটনার জেরে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে দেশের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে। আজকের বক্তব্যের মাধ্যমে ড. খলিলুর রহমান সেই জল্পনার অবসান ঘটালেন।
উল্লেখ্য যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই রদবদলের আলোচনার মাঝেই গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী তার পদ থেকে পদত্যাগ করেছেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার পদে কোনো পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন