প্রেস সচিব শফিকুল আলম

খালেদা জিয়া ছিলেন কঠিন সময়ের আশার আলো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:০৯ এএম
খালেদা জিয়া ছিলেন কঠিন সময়ের আশার আলো

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীকে জাতির ‘আশার আলো’ হিসেবে অভিহিত করেন।

শফিকুল আলম তার বার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন সকল নেতার মধ্যে অত্যন্ত দয়ালু এবং প্রতিরোধের এক অনন্য প্রতীক। তিনি একজন আপাদমস্তক দেশপ্রেমিক নেতা হিসেবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যোদ্ধার মতো দেশের মানুষের পাশে ছিলেন। বিশেষ করে জাতির সব চেয়ে কঠিন ও সংকটাপন্ন সময়ে তিনি আশার আলো হয়ে আবির্ভূত হয়েছিলেন।

তিনি আরও লেখেন, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত চেতনাকে সংজ্ঞায়িত করেছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই তিনি অসংখ্য মানুষের কাছে ছিলেন একজন বীর ও অনুপ্রেরণার উৎস।

পোস্টের শেষে তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন যেন মহান আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোত্তম স্থান দান করেন। আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে যে শোকের আবহাওয়া বিরাজ করছে, তাঁরই প্রেক্ষাপটে প্রেস সচিব এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

ইএইচ