বেগম জিয়ার প্রয়াণে ডিএমপির শোক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:৪৮ পিএম
বেগম জিয়ার প্রয়াণে ডিএমপির শোক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।

শোকবার্তায় কমিশনার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, দেশের ইতিহাসে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার প্রয়াণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়াও করা হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ইতিমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। 

রাষ্ট্রীয় শোক চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত পৃথক এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী তিন দিন ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা আনন্দ শোভাযাত্রা না করার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি নেত্রী। তাঁর প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ