বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-৬০২৫, সিবিএ)।
মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী বাবু মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তারা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন আপসহীন অভিভাবক ও গণতন্ত্রের সাহসী কণ্ঠস্বরকে হারাল। স্বৈরশাসনের বিরুদ্ধে তার আপসহীন সংগ্রাম এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ডিএনসিসি সিবিএ নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, নারীর ক্ষমতায়ন এবং দেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। প্রতিকূল পরিবেশেও তিনি যেভাবে আদর্শে অবিচল ছিলেন, তা দেশবাসীকে চিরকাল অনুপ্রাণিত করবে।
শোকবার্তায় তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাঁর পরিবার ও কোটি কোটি অনুসারীকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর সম্মানে ইতিমধ্যে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন