আগামীকাল খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করবে মায়ের ডাক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৫৪ পিএম
আগামীকাল খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করবে মায়ের ডাক

বাংলাদেশে গুম হওয়া মানুষের অধিকার আদায়ে সোচ্চার সংগঠন ‘মায়ের ডাক’-এর এক আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল হক বলেছেন, গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত রাষ্ট্রীয় অপরাধ। এই ভয়াবহ অন্যায়ের বিচার ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।

সোমবার দুপুরে রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি গুম হওয়া পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষা ও কষ্টের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাঁদের দুঃসহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। স্বজন হারানোর বেদনা, আইনি সহায়তার অভাব এবং সামাজিক ও অর্থনৈতিক সংকটের কথা শুনে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাইফুল হক মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং বলেন, এই পরিবারগুলো শুধু সহানুভূতি নয়, ন্যায়বিচার চায়। প্রতিটি গুমের ঘটনার স্বাধীন তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সভায় জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ‘মায়ের ডাক’-এর সভাপতি হাজেরা খাতুন ও প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে বেগম জিয়ার শোক বইতে স্বাক্ষর করবেন।

আলোচনা সভা শেষে সাইফুল হক ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হাজেরা খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। অধিকার আদায়ের সংগ্রামে সংগঠনটির দীর্ঘ লড়াইয়ের প্রতি তিনি সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে ‘মায়ের ডাক’-এর সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসা, তেজগাঁও থানা বিএনপির নেতৃবৃন্দ এবং গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়গুলোকে রাজনৈতিক অঙ্গনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

জেএইচআর