সেতু বিভাগের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, তিন পরীক্ষার্থীর জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:১৭ পিএম
সেতু বিভাগের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, তিন পরীক্ষার্থীর জেল-জরিমানা

সেতু বিভাগের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দেওয়ার দায়ে তিনজনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সেতু বিভাগের অধীন কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগের পরীক্ষা চলাকালে এ ব্যবস্থা নেওয়া হয়।

জানা গেছে, কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার্থী মো. সাগর হোসেন তপু মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। সাগর ময়মনসিংহের ধোবাউরা উপজেলার ঘাগড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অন্যদিকে অফিস সহায়ক পদে মূল পরীক্ষার্থী রিপন মিয়ার পরিবর্তে প্রক্সি দেওয়ার অপরাধে মো. আবুল বাসার ও আমির ফয়সাল নামের দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আবুল বাসার নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার আব্দুর গাফফারের ছেলে এবং আমির ফয়সাল পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা জান্নাত রেটিনা।

ইএইচ