ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সতর্কতায় প্রতারণা ও চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পেশাদার পদক্ষেপের মাধ্যমে প্রতারণার চেষ্টা ব্যর্থ করার পাশাপাশি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের ২ নম্বর (বাগান গেট) প্রবেশপথ এলাকা থেকে রনি আহাম্মদ (৩৮) নামে এক প্রতারককে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তি স্বর্ণের বার সদৃশ পিতলের বার দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার চেষ্টা করছিলেন। রনি আহাম্মদ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলা বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে।
অন্যদিকে, একই দিন দুপুর ২টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ড থেকে মোবাইল চুরির অভিযোগে বেলাল মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে একটি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। আটক বেলাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরফ হাট মাস্টারপাড়া এলাকার সাদেক মিয়ার ছেলে।
অভিযানে ডিউটিরত এপিসি মো. সুজাত মোল্লা এবং আনসার সদস্য ইমরান, আল আমিন ও সুজন দায়িত্ব পালন করেন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক দুই অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সম্পদের সুরক্ষায় আনসার সদস্যদের এই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার পাশাপাশি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন