রাজধানীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে।
সায়েন্সল্যাব এলাকায় ট্রাকের ধাক্কায় নিহতরা হলেন- গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন (৪৫) ও তাঁর মেয়ে তৃষা (২১)। অন্যদিকে তেজগাঁওয়ে অটোরিকশা দুর্ঘটনায় নিহত হয়েছেন চালক মো. আলিম (৬৫) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২)।
জানা গেছে, সাজু আহমেদ সুমন তাঁর মেয়ে তৃষাকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলেন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাত ৯টার দিকে সায়েন্সল্যাব মোড়ে একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাজু আহমেদ মারা যান। স্থানীয়রা গুরুতর আহত তৃষাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিউ মার্কেট থানা পুলিশ ঘাতক ট্রাক ও এর চালককে হেফাজতে নিয়েছে।
অন্যদিকে, একই রাতে তেজগাঁও সাত রাস্তার মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে যাত্রী ও চালক নিহত হন। নিহত যাত্রী হারুনুর রহমানও সপরিবারে ঈদের কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় হারুনুর রহমানের স্ত্রী ও বোন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহগুলো বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে। ঈদের আনন্দ বিষাদে রূপ নেওয়ায় নিহতের পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন