ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বুধবার নগর ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং গুম-খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণেই আমরা এই দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে।
তিনি আরও জানান, আগামী স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খাঁন এবং 'মায়ের ডাক'-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
অনুষ্ঠানে প্রায় ৬০০ জন মুক্তিযোদ্ধা ও গুম-খুন হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন