ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:২৫ পিএম
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি

লালমনিরহাট যাওয়ার সফরসূচির মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। পরে তাকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয় এবং পরে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় আনার সময় মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এএন