কলাবাগান থানার এসআই নিখোঁজ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৬:১১ পিএম
কলাবাগান থানার এসআই নিখোঁজ

রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসআইয়ের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত দায়িত্বে যোগ না দিয়ে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ রাকিবুল হাসানের গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম রহমান জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাকে খুঁজে বের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। তবে তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না এবং দাম্পত্য সম্পর্কও স্বাভাবিক ছিল।

এদিকে, কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। কেউ তার খোঁজ পেলে নিকটস্থ থানায় দ্রুত জানাতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

এম জি